২,০০০ টাকার বেশি UPI লেনদেনে চার্জ? কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

২,০০০ টাকার বেশি UPI লেনদেনে চার্জ? কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

প্রকাশকাল: 29 Sep 2026, 12:35 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
২,০০০ টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা চার্জ চালুর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জবাব চাইল সুপ্রিম কোর্ট। এই চার্জের আইনি চরিত্র কী, তা নিয়েও কেন্দ্রকে ব্যাখ্যা দিতে বলেছে শীর্ষ আদালত।





সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হয়। কেন্দ্রের জারি করা নতুন নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলাটি দায়ের করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে MDR চার্জ কার্যকর হওয়ার কথা আগামী ১৫ অক্টোবর থেকে।





শুনানিতে কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল বেঙ্কটরামন জানান, ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেন এই চার্জের আওতায় পড়বে না। তাঁর দাবি, দেশের প্রায় ৯৬ শতাংশ UPI ব্যবহারকারী এই চার্জের আওতার বাইরে থাকবেন।





কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়, এটি কোনও সরকারি কর বা ফি নয়। UPI ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে এটি মূলত একটি ‘সেটেলমেন্ট চার্জ’। তবে এই বক্তব্যের পরই চার্জটির আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে আদালত।





বিচারপতি জয়মাল্য বাগচী জানতে চান, “এটি যদি ফি না হয়, তা হলে এই চার্জের আইনগত চরিত্র কী?”





প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, বিষয়টির একাধিক দিক কেন্দ্রকে হলফনামার মাধ্যমে স্পষ্ট করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, মামলাটিতে আইনি প্রশ্নের পাশাপাশি প্রযুক্তিগত বিষয়ও গুরুত্বপূর্ণ।





মামলাকারীর পক্ষ থেকে কেন্দ্রের হলফনামা জমা না দেওয়া পর্যন্ত নতুন সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।





এখন কেন্দ্রের হলফনামার দিকে নজর থাকবে। সেখানে UPI-তে প্রস্তাবিত চার্জের কাঠামো, আইনি ভিত্তি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার কথা।

শেয়ার করুন: