সেগুন গাছ কাটতে গিয়ে মৃত্যু যুবকের! দেহ কাঁধে নিয়ে ২ কিমি হেঁটে জাতীয় সড়কের ধারে ফেলল সঙ্গীরা, লাটাগুড়ি জঙ্গলে কাঠ পাচার চক্রের পর্দাফাঁস - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

সেগুন গাছ কাটতে গিয়ে মৃত্যু যুবকের! দেহ কাঁধে নিয়ে ২ কিমি হেঁটে জাতীয় সড়কের ধারে ফেলল সঙ্গীরা, লাটাগুড়ি জঙ্গলে কাঠ পাচার চক্রের পর্দাফাঁস

প্রকাশকাল: 16 Nov 2026, 01:21 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
লাটাগুড়ি: জঙ্গলে বেআইনিভাবে সেগুন গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। আর সেই মৃত্যুকে দুর্ঘটনা বলে চালানোর জন্য মৃত যুবকের দেহ কাঁধে নিয়ে প্রায় দু’কিলোমিটার জঙ্গলপথ হেঁটে জাতীয় সড়কের ধারে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁরই সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মেটেলি এলাকায়। মৃত যুবকের নাম রাজকুমার রায়। বয়স আনুমানিক ৩০ বছর।





পুলিশ ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বড় মাপের সেগুন গাছ কেটে পাচারের পরিকল্পনা করেছিল একটি কাঠ পাচারকারী চক্র। সেই মতো জঙ্গলে গাছ কাটার কাজ চলছিল। অভিযোগ, গাছ কাটার সময় সেগুন গাছের একটি ভারী অংশ রাজকুমারের মাথায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর ধরা পড়ার আশঙ্কায় সঙ্গীরা তাঁর দেহ কাঁধে তুলে জঙ্গলের ভিতর দিয়ে প্রায় দু’কিলোমিটার পথ হেঁটে মেটেলির ৭১৭ নম্বর জাতীয় সড়কের ধারে ফেলে রেখে যায়। যাতে ঘটনাটি পথ দুর্ঘটনা বলে মনে হয়, সেই উদ্দেশ্যেই এমন পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান তদন্তকারীদের।





পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্তে নামে মেটেলি থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ এবং কাঠ পাচার চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজ চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল (SIT)। ঘটনায় আরও এক কাঠ পাচারকারীর খোঁজ করছে পুলিশ। মেটেলি থানার আইসি মীংমা লেপচা জানিয়েছেন, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।





তদন্তে উঠে এসেছে, বৃহস্পতিবার রাজকুমার রায়ের সঙ্গে বিকাশ রায়, পরিতোষ রায়, সত্যজিৎ রায়-সহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। অভিযোগ, এই চক্রটি এর আগেও কখনও লাটাগুড়ি, কখনও রামসাইয়ের জঙ্গলে ঢুকে শাল, সেগুন-সহ বিভিন্ন মূল্যবান গাছ কেটে পাচার করেছে। জঙ্গলের ভিতর থেকে কাটা গাছ সাইকেলে চাপিয়ে বাইরে নিয়ে যাওয়া হত। বর্ষাকালে নদীপথকেও পাচারের কাজে ব্যবহার করা হতো বলে জানা গিয়েছে।





বন দপ্তর সূত্রে খবর, কয়েক বছর আগে ধারাবাহিক অভিযানে বেশ কয়েকজন কাঠ পাচারকারী গ্রেপ্তার হওয়ার পর কিছুদিনের জন্য নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই চক্র। কিন্তু সম্প্রতি ফের লাটাগুড়ি ও রামসাইয়ের জঙ্গলে কাঠ পাচারকারীদের তৎপরতা বেড়েছে। মৃত রাজকুমার ভিনরাজ্যে কাজ করতেন। সম্প্রতি বাড়ি ফিরে তিনি কাঠ পাচারকারীদের সঙ্গে মেলামেশা শুরু করেছিলেন বলে অভিযোগ। বন দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, সীমিত সংখ্যক কর্মী নিয়ে বিস্তীর্ণ জঙ্গলে নজরদারি চালানো যথেষ্ট কঠিন।





এদিকে, যে এলাকায় গাছ কাটতে গিয়ে রাজকুমারের মৃত্যু হয়েছে, সেই এলাকায় গোরুমারা বন্যপ্রাণী বিভাগের একটি নজরমিনার প্রায় তিন বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। বনকর্মীর অভাবে সেটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। নজরদারির এই ঘাটতিকে কাজে লাগিয়েই পাচারকারীরা জঙ্গলের ভিতরে ঢুকে অবাধে গাছ কাটছিল বলে আশঙ্কা।





রাজকুমারের দেহ উদ্ধারের পর পুলিশি তদন্তের পাশাপাশি বিশেষ তৎপরতা শুরু করেছে গোরুমারা বন্যপ্রাণী বিভাগও। জঙ্গলে নজরদারি বাড়াতে কাজে নামানো হয়েছে প্রশিক্ষিত স্নিফার ডগ অরল্যান্ডোকে। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত গোরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীদের সঙ্গে জঙ্গলের বিভিন্ন এলাকায় বিশেষ প্যাট্রোলিং চালায় সে। রাজকুমারের দেহ কাঁধে করে পাচারকারীরা যে পথ দিয়ে নিয়ে গিয়েছিল, সেই এলাকাতেও বিশেষ নজরদারি চালানো হয়। পায়ের ছাপ অনুসরণ করে বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন বনকর্মীরা।





উল্লেখ্য, এর আগেও অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করেছে অরল্যান্ডো। কয়েক মাস আগে রাজগঞ্জ এলাকায় এক পলাতক বন্দির সন্ধান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সে। জলপাইগুড়ির একটি খুনের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করতেও পুলিশকে সাহায্য করেছিল এই প্রশিক্ষিত কুকুর।





গোরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে জানিয়েছেন, জঙ্গলের ভিতরে নজরদারি বাড়ানো হয়েছে এবং তদন্তে অরল্যান্ডোর সাহায্য নেওয়া হচ্ছে। কাঠ পাচারের সঙ্গে যুক্ত বাকিদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযানের পরিকল্পনাও করা হচ্ছে।





বন দপ্তরের আশঙ্কা, সংরক্ষিত বনাঞ্চলে কাঠ পাচারকারীদের এই বাড়বাড়ন্ত শুধু বনসম্পদের ক্ষতিই করছে না, বিপদের মুখে ফেলছে গোরুমারার বন্যপ্রাণীদেরও। কাঠ পাচারকারীদের সঙ্গে চোরাশিকারিদের যোগসাজশ তৈরি হলে যে কোনও সময় বড় ধরনের অপরাধমূলক ঘটনা ঘটতে পারে। তাই কাঠ পাচার চক্রের শিকড় উপড়ে ফেলতে পুলিশ ও বন দপ্তরের যৌথ নজরদারি এবং অভিযান আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

শেয়ার করুন: