ডক্টর দেবী শেঠির মুকুটে ফ্রান্সের ‘নাইটহুড’ সম্মান, কোভিডকালে ফরাসি নাগরিকদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

ডক্টর দেবী শেঠির মুকুটে ফ্রান্সের ‘নাইটহুড’ সম্মান, কোভিডকালে ফরাসি নাগরিকদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি

প্রকাশকাল: 13 Nov 2026, 01:07 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
উপশিরোনাম:


বেঙ্গালুরুতে ফরাসি কনস্যুলেটের তরফে প্রদান করা হল ‘নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট’, মানবিক উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি





প্রতিবেদন: আন্তর্জাতিক মঞ্চে আরও একবার সম্মানিত হল ভারত। ফ্রান্স সরকারের কাছ থেকে বিশেষ জাতীয় সম্মান পেলেন ভারতের বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ তথা নারায়ণা হেলথের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর দেবী শেঠি। তাঁকে ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্মান ‘শেভালিয়ে দ্য ল'অর্দ্র ন্যাশনাল দ্য মেরিত’ (Chevalier de l'Ordre national du Mérite) প্রদান করা হয়েছে। এই সম্মান ‘নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট’ নামেও পরিচিত।





কিন্তু কী কারণে এই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ডক্টর দেবী শেঠি?





এর পিছনে রয়েছে কোভিড মহামারির সময় তাঁর মানবিক উদ্যোগ। সেই কঠিন সময়ে বেঙ্গালুরুতে বসবাসকারী ফরাসি নাগরিকদের চিকিৎসা পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে এগিয়ে এসেছিলেন তিনি। ফরাসি কনস্যুলেট এবং সেখানকার বৃহত্তর ফরাসি সম্প্রদায়ের জন্য নারায়ণা হেলথের হাসপাতালের দরজা খুলে দিয়েছিলেন। শুধু চিকিৎসা পরিষেবাই নয়, টিকাকরণ কর্মসূচি এবং বিভিন্ন লজিস্টিক সহায়তার ক্ষেত্রেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তাঁর সংস্থা।





এই মানবিক উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ফ্রান্সের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।





অনুষ্ঠানে বেঙ্গালুরুতে নিযুক্ত ফ্রান্সের কনসাল জেনারেল মার্ক ল্যামি জানান, মহামারির কঠিন সময়ে ফরাসি সম্প্রদায়ের প্রতি দেবী শেঠির উদারতা ও নিরন্তর সহযোগিতাকে স্বীকৃতি দিতে পেরে তাঁরা আনন্দিত। তাঁর মতে, এই উদ্যোগ মানবিক সংহতির প্রকৃষ্ট উদাহরণ এবং ভারত-ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন।





উল্লেখ্য, ১৯৬৩ সালের ৩ ডিসেম্বর ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস দ্য গল এই জাতীয় সম্মান চালু করেন। ‘অর্দ্র ন্যাশনাল দ্য মেরিত’ ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান হিসেবে পরিচিত। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও বিশেষ পরিষেবার স্বীকৃতিস্বরূপ ফরাসি নাগরিকদের পাশাপাশি বিদেশিদেরও এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানের প্রথম স্তর ‘নাইট’ উপাধিতে ভূষিত হয়েছেন ডক্টর দেবী শেঠি।





সম্মান পাওয়ার পর দেবী শেঠি জানান, ফ্রান্স সরকারের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। কোভিডের মতো কঠিন সময়ে বেঙ্গালুরুর ফরাসি সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে তিনি আনন্দিত। একইসঙ্গে এই উদ্যোগ সফল করে তোলার জন্য নারায়ণা হেলথের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শেয়ার করুন: