চেনা নাম, চেনা কণ্ঠ—আজ রাত ৮টা থেকে আসানসোলে মঞ্চ মাতাবেন ‘পটা’! - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
বিনোদন

চেনা নাম, চেনা কণ্ঠ—আজ রাত ৮টা থেকে আসানসোলে মঞ্চ মাতাবেন ‘পটা’!

প্রকাশকাল: 10 Nov 2026, 11:56 AM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
তাঁর কণ্ঠ একসময় বাংলা রক সংগীতকে দিয়েছিল এক অন্য মাত্রা। ‘চি চি চি’, ‘হলুদ পাখি’র মতো জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর সংগীতসত্তা। অভিজিৎ বর্মন ওরফে ‘পটা’—তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তাঁর কাজই তাঁর পরিচয়।





আসানসোল: বাংলা রক সংগীতের অনুরাগীদের জন্য সুখবর! আজ আসানসোলের মঞ্চে সরাসরি পারফর্ম করতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ বর্মন, যিনি সংগীতজগতে ‘পটা’ নামেই বেশি পরিচিত। তাঁর সঙ্গে মঞ্চে থাকছে ‘মরুদ্যান’ (MARUDYAN)। এই বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করেছে আসানসোলের পরিচিত ইভেন্ট অর্গানাইজেশন সিটি এন্টারটেইনমেন্ট (City Entertainment)।





ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আকর্ষণ ছিল পটার। তবে কলেজ জীবনে এসে ধীরে ধীরে সংগীতের প্রতি ঝোঁক বাড়তে থাকে তাঁর। কলেজ ক্যান্টিন কিংবা ছোটখাটো অস্থায়ী রিহার্সাল রুমে বন্ধুদের সঙ্গে সংগীতচর্চা, কলেজ ফেস্টে পারফরম্যান্স—এভাবেই তৈরি হতে থাকে তাঁর সংগীতজীবনের ভিত।





বাংলার জনপ্রিয় রক ব্যান্ড ক্যাকটাসের সঙ্গে তাঁর সংগীতযাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। জনপ্রিয় কণ্ঠশিল্পী পটার কণ্ঠ ক্যাকটাসের গান এবং লাইভ পারফরম্যান্সকে দিয়েছিল এক স্বতন্ত্র পরিচিতি। শিল্পীর কণ্ঠ বাংলার রক সংগীতের শ্রোতাদের কাছে আজও স্মরণীয়।





‘চি চি চি’-র মতো জনপ্রিয় রক গান থেকে শুরু করে ‘হলুদ পাখি’র মতো কালজয়ী সংগীত—ক্যাকটাসের একাধিক জনপ্রিয় গানের সঙ্গে জড়িয়ে রয়েছে পোটার নাম। ব্যান্ডের বাইরে একাধিক সিঙ্গল ও সহযোগিতামূলক সংগীত প্রকল্পেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। ‘ভালো আছি ভালো থেকো’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর মতো গানের পাশাপাশি সিধু, রূপম ইসলাম ও রূপঙ্কর বাগচীর মতো বিশিষ্ট শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন তিনি।





আর আজ সেই পরিচিত কণ্ঠের সরাসরি সাক্ষী হতে চলেছে আসানসোল। রাহা লেনের নিউ বয়েজ ক্লাবের উদ্যোগে (New Boys Club) আজ রাত ৮টা থেকে শুরু হবে এই বিশেষ সংগীতানুষ্ঠান। পটার পাশাপাশি পারফর্ম করবে ‘মরুদ্যান’।





বাংলা রক সংগীতের নস্টালজিয়া, পরিচিত সুর এবং লাইভ পারফরম্যান্সের মেলবন্ধনে আজকের সন্ধ্যা সংগীতপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে চলেছে। প্রিয় শিল্পীকে সামনে থেকে দেখা এবং তাঁর গানের সঙ্গে সরাসরি সময় কাটানোর অপেক্ষায় রয়েছেন স্থানীয় সংগীতপ্রেমীরা।





স্থান: নিউ বয়েজ ক্লাব, রাহা লেন, আসানসোল


সময়: আজ, রাত ৮টা থেকে


আয়োজনে: সিটি এন্টারটেইনমেন্ট (City Entertainment)





365 City News | Asansol

শেয়ার করুন: