এএফসি চ্যাম্পিয়নশিপ-২: আল সিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সামনে জয়ের চ্যালেঞ্জ, ম্যাচকে ‘ফাইনাল’ আখ্যা অধিনায়ক রশিদের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
খেলাধুলা

এএফসি চ্যাম্পিয়নশিপ-২: আল সিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সামনে জয়ের চ্যালেঞ্জ, ম্যাচকে ‘ফাইনাল’ আখ্যা অধিনায়ক রশিদের

প্রকাশকাল: 03 Nov 2026, 02:44 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
কলকাতা, ৩ নভেম্বর: সাতদিনের ব্যবধানে একই প্রতিপক্ষের বিরুদ্ধে দ্বিতীয়বার মাঠে নামছে ইস্টবেঙ্গল। তবে এবার লড়াই নিজেদের ঘরের মাঠে। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়নশিপ-২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ওমানের ক্লাব আল সিবের মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। সাতদিন আগে ওমানের মাটিতে গোলশূন্য ড্র করেছিল ইস্টবেঙ্গল। এবার পরবর্তী পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় কলকাতার দল।





ম্যাচের আগে কোচ আন্তেনিও লোপেজ হাবাস অধিনায়ক মহম্মদ রশিদকে পাশে নিয়ে জানিয়ে দিয়েছেন, দল এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তবে আইএসএল এবং এএফসি প্রতিযোগিতায় একইসঙ্গে খেলতে গিয়ে ফুটবলারদের শারীরিক ও মানসিক চাপ যে বাড়ছে, তা স্বীকার করেছেন কোচ।





রোটেশন নীতি নিয়ে কী বললেন হাবাস?


টানা ম্যাচের ধকল সামলাতে রোটেশন পদ্ধতির উপর জোর দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। তবে একসঙ্গে দলের অধিকাংশ ফুটবলার পরিবর্তন করার পক্ষপাতী নন তিনি। হাবাসের কথায়, দলের প্রায় ৭০ শতাংশ ফুটবলার বদলে দিলে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাঁর মতে, দলের প্রত্যেক ফুটবলারই গুরুত্বপূর্ণ। তাই ম্যাচের আগে খেলোয়াড়দের শারীরিক অবস্থা বিবেচনা করেই প্রথম একাদশ নির্বাচন করা হবে।





টানা খেলার ক্লান্তির কথাও স্বীকার করেছেন হাবাস। তাঁর বক্তব্য, রিহ্যাবের পর অল্প সময়ের ট্রেনিং করেই পরবর্তী ম্যাচে নামতে হচ্ছে ফুটবলারদের। ফলে আগের ম্যাচের ভুলত্রুটি শুধরে নেওয়ার পর্যাপ্ত সুযোগ মিলছে না। তবুও পরিস্থিতিকে অজুহাত হিসেবে দেখতে নারাজ তিনি।





উল্লেখ্য, মঙ্গলবার আল সিবের বিরুদ্ধে ম্যাচ খেলার পর আগামী ৭ নভেম্বর আইএসএলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ফলে ফুটবলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এখন কোচিং স্টাফের কাছে বড় চ্যালেঞ্জ।





আক্রমণভাগে কারা থাকছেন?


ইস্টবেঙ্গলের আক্রমণভাগে এডমুন্ড এবং ডেভিড নিয়মিত প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন। অন্যদিকে একে লোবা ও জোলিনস্কিকে প্রথম একাদশে দেখা যাচ্ছে না। বিদেশি ফুটবলারদের পরিবর্তে ভারতীয় স্ট্রাইকারদের উপর আস্থা রাখার বিষয়টি নিয়েও আলোচনা চলছে।





তবে হাবাস স্পষ্ট করে দিয়েছেন, শুধু পরিচিতি বা নামের জোরে প্রথম একাদশে জায়গা পাওয়া যাবে না। দলের প্রয়োজন, প্রতিপক্ষের শক্তি এবং ফুটবলারদের শারীরিক সক্ষমতা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর মতে, এএফসি প্রতিযোগিতা ও আইএসএলের মধ্যে খেলার ধরন এবং শারীরিক চাহিদার পার্থক্য রয়েছে। সেই অনুযায়ী দল সাজাতে হয়।





রশিদের চোখে আল সিব ম্যাচই ফাইনালঃ


কোচের বক্তব্যের সঙ্গে একমত অধিনায়ক মহম্মদ রশিদও। এএফসি প্রতিযোগিতায় বাকি তিনটি ম্যাচের হিসাব একসঙ্গে না কষে আপাতত একটি ম্যাচের দিকেই মনোযোগ দিতে চান তিনি।





তাই মঙ্গলবার যুবভারতীতে আল সিবের বিরুদ্ধে ম্যাচকে কার্যত ফাইনাল হিসেবেই দেখছেন ইস্টবেঙ্গল অধিনায়ক।


সাতদিন আগে ওমানের মাটিতে গোল করতে পারেনি কোনও দলই। এবার ঘরের মাঠে সমর্থকদের সামনে সেই ছবিটা বদলাতে চাইবে লাল-হলুদ শিবির। প্রশ্ন একটাই, ক্লান্তি ও কঠিন সূচির চাপ সামলে আল সিবের বিরুদ্ধে জয়ের মুখ দেখতে পারবে কি হাবাসের ইস্টবেঙ্গল?

শেয়ার করুন: