২১ লক্ষ ফলোয়ার, অথচ ভোট মাত্র ৩৩! নির্বাচনে মুখ থুবড়ে পড়লেন সোশ্যাল মিডিয়া ‘স্টার - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

২১ লক্ষ ফলোয়ার, অথচ ভোট মাত্র ৩৩! নির্বাচনে মুখ থুবড়ে পড়লেন সোশ্যাল মিডিয়া ‘স্টার

প্রকাশকাল: 27 Oct 2026, 05:58 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
যোধপুর, ২৭ অক্টোবর: ইনস্টাগ্রামে ১৪ লক্ষেরও বেশি ফলোয়ার, ইউটিউবে প্রায় সাড়ে ৫ লক্ষ সাবস্ক্রাইবার, আর ফেসবুকেও ২ লক্ষের বেশি অনুগামী—সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার পরিসংখ্যান ২১ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। অথচ নির্বাচনের ভোটবাক্সে সেই জনপ্রিয়তার প্রতিফলন দেখা গেল না। গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৩৩টি ভোট পেলেন রাজস্থানের ইউটিউবার তথা স্বঘোষিত জ্যোতিষী ওমপ্রকাশ বিষ্ণোই।





সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের যোধপুর জেলার ওসিয়ান তহসিলের ইনদোন কি ধানি-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নির্বাচনে দাঁড়িয়েছিলেন ওমপ্রকাশ। ওই পঞ্চায়েতে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ১,৬০০। বিপুল সংখ্যক অনলাইন অনুগামী থাকা সত্ত্বেও নির্বাচনে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ৩৩ হওয়ায় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।





সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা, ভোটের বাক্সে হতাশা:


প্রতিবেদন অনুযায়ী, ওমপ্রকাশের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৪ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৫.৫ লক্ষ এবং ফেসবুকে ফলোয়ার ২.৩২ লক্ষের বেশি। সব মিলিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া অনুগামীর সংখ্যা ২১ লক্ষ ছাড়িয়েছে।





তবে অনলাইনে বিপুল জনপ্রিয়তা যে নির্বাচনে জয়ের নিশ্চয়তা দেয় না, ওমপ্রকাশের ফলাফল যেন সেই বাস্তবতাকেই সামনে এনে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কাউকে অনুসরণ করা আর নির্বাচনে তাঁকে ভোট দেওয়া—দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলেই মনে করছেন অনেকে।





শিক্ষক প্রার্থী পেলেন ৫২৭ ভোট:


ওই নির্বাচনে ওমপ্রকাশ ছাড়াও আরও দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছিলেন পেশায় শিক্ষক। তিনি পেয়েছেন ৫২৭টি ভোট। অন্যদিকে, জয়ী প্রার্থী গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।





গোশালা ও সমাজসেবার দাবিও সামনে:


ওমপ্রকাশ নিজেকে জ্যোতিষী হিসেবে পরিচয় দেন। তাঁর দাবি, গ্রামের শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, অসহায় প্রাণীদের দেখাশোনা করা এবং সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।





এছাড়াও, তাঁর দাবি অনুযায়ী, তিনি একটি গোশালা পরিচালনা করেন, যেখানে প্রায় ১,৫০০টি গরু রয়েছে। গোশালার জন্য নিজের প্রায় ৩০ বিঘা জমিও দান করেছেন বলে জানিয়েছেন তিনি।





তবে এত বিপুল অনলাইন জনপ্রিয়তা ও সমাজসেবার দাবির পরেও নির্বাচনে মাত্র ৩৩টি ভোট পাওয়ার ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল—সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা কি সত্যিই বাস্তবের জনসমর্থনের সমান?

শেয়ার করুন: