বিহারে গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি! মৃত্যু অন্তত ১৪ শিশুর, শোকস্তব্ধ বৈশালী - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

বিহারে গঙ্গায় ভয়াবহ নৌকাডুবি! মৃত্যু অন্তত ১৪ শিশুর, শোকস্তব্ধ বৈশালী

প্রকাশকাল: 14 Oct 2026, 12:47 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
হাজিপুর, বিহার: বিহারের বৈশালী জেলায় গঙ্গা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাঘোপুর থানা এলাকার এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সময় নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাঁদের অধিকাংশই শিশু।


জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রাত সাড়ে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রামপুর শ্যামচাঁদ গ্রামের বাসিন্দারা গঙ্গার ওপারে একটি গ্রামে ভোজসভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় মাঝগঙ্গায় নৌকাটি ডুবে যায়।


প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের প্রত্যেকের বয়স ১৫ বছরের কম বলে জানা গিয়েছে। পাশাপাশি সাতজন শিশুকে উদ্ধার করে পটনার এনএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর। দুর্ঘটনার পর থেকেই স্থানীয় ডুবুরি ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালাচ্ছে। নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।


শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর


এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণায়, মৃতদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।


মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা


বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে।


অন্যদিকে, রাঘোপুরের আরজেডি নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিয়েছেন। উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের অনুরোধ করেছেন তিনি। বুধবার এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন তেজস্বী।গঙ্গায় এই ভয়াবহ দুর্ঘটনার পরও উদ্ধারকাজ চলছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। একদিকে স্বজনহারাদের কান্না, অন্যদিকে একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক।

শেয়ার করুন: